ঝিকরগাছার ত্রাস ১৯ মামলার আসামি সোহাগ যশোর ডিবি’র হাতে আটক
- আপডেট: ১১:০০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / ১০৩

নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছা থানা এলাকার চিহ্নিত সন্ত্রাসী, অস্ত্র, ডাকাতি ও মাদক মামলার আসামি মো. সোহাগ খান (৩৬) অবশেষে গ্রেপ্তার হয়েছে।
তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও মাদকসহ মোট ১৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) বিকেলে যশোর শহর থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশারের নেতৃত্বে ঝিকরগাছা থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ঝিকরগাছা থানার কাউরিয়া গ্রামের সোহাগের হাঁসের খামারে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করা হয়। এ সময় খামার থেকে চাইনিজ কুড়াল, খেলনা পিস্তল, লোহার শাবল, ওয়াকিটকি, ডিজিটাল ওজন মাপার যন্ত্র, লোহা কাটার করাত, জ্যাকেটসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল হোতা সোহাগ কৌশলে পালিয়ে যায়।
ঘটনার পর থেকে সোহাগকে গ্রেপ্তারে মাঠে নামে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোর। নিরলস প্রচেষ্টা, পুলিশি কলাকৌশল ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআই অলক কুমার দে ও এএসআই মো. বদরুল হুদার নেতৃত্বে একটি চৌকস দল মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) বিকাল ৪টা ৪৫ মিনিটে যশোর শহরের প্যারিস রোড সংলগ্ন হ্যান্ডেল লাইট ক্যাফে রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার সোহাগ দীর্ঘদিন ধরে ঝিকরগাছা থানা এলাকার ত্রাস হিসেবে পরিচিত ছিল। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও মাদক সংক্রান্ত একাধিক মামলা বিচারাধীন রয়েছে। সোহাগ ঝিকরগাছা থানার পুরন্দপুর গ্রামের আ: আজিজের ছেলে।
এ বিষয়ে পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।






















