যশোরে ডিবির অভিযানে ৪৫ কেজি গাঁজাসহ কুড়িগ্রামের দুই মাদক কারবারি আটক
- আপডেট: ০১:২৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / ৭৬

নিজস্ব প্রতিবেদক: যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে অভিনব কৌশলে পাচার করা ৪৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশারের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) গভীর রাতে অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে যশোর শহরের চাঁচড়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রংপুর জেলার কাউনিয়া থানা এলাকা থেকে একটি পিকআপভ্যানে করে ফার্নিচারের ভেতরে লুকিয়ে গাঁজা নিয়ে যশোরের দিকে আসছে একটি চক্র।
এরপর রাত ২টা ৫৫ মিনিটে যশোর শহরের খয়েরতলা এলাকার ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন পিকআপভ্যানটি থামানো হয়। তল্লাশির একপর্যায়ে পিকআপে থাকা দুটি সেমিবক্স খাটের ভেতরে পারটেক্সের হার্ডবোর্ডের মধ্যে অভিনব কায়দায় লুকানো ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন— মো. ফরিদুল ইসলাম (২৫) ও দুলাল হোসেন (২০)। তাদের বাড়ি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার গুছিডাঙ্গা আড়িয়ারকুঠি গ্রামে। অভিযানে ব্যবহৃত একটি পুরনো নীল রঙের পিকআপভ্যান (ঢাকা মেট্রো-ন ১২-৪৪৮২) এবং দুটি নতুন সেমিবক্স খাটও জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।




















