যশোরে মহান বিজয় দিবস উদযাপন কুচকাওয়াজ ও ডিসপ্লেতে বর্ণিল আয়োজন
- আপডেট: ০৪:২০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / ১৪৩

নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণিল কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় যশোর স্টেডিয়ামে এ কর্মসূচি আয়োজন করা হয়।
১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি পাক-হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়ে স্বাধীনতার চূড়ান্ত বিজয় অর্জন করে। দিবসটি উপলক্ষে সারা দেশের মতো যশোরেও যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোঃ আশেক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (সেবা)।

কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানে বিভিন্ন বাহিনী ও প্রতিষ্ঠানের অংশগ্রহণে শৃঙ্খলাপূর্ণ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরে কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহণকারী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল মোঃ রাজিবুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।






















