বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জামায়াতের
- আপডেট: ১১:২০:৫৭ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / ১২৩

নিজস্ব প্রতিবেদকঃ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনায় বসার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘জামায়াতে ইসলামী বিএনপির সঙ্গে কোনো ঝগড়ায় যেতে চায় না, বরং দেশের স্বার্থে আলোচনায় বসতে চায়।’
রবিবার রাজধানীর আল ফালাহ মিলনায়তনে ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। তাহের বলেন, ‘দেশের এ পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করি। বিএনপিকে আহ্বান করব একসঙ্গে বসার। আমরা আলোচনা করব কীভাবে সত্যিকার অর্থে একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ তৈরি হবে।
জামায়াত নেতা আরও বলেন, ‘রাজনীতির অনেক খেলা আছে, আমরা খেলতে চাই না। আগামীকাল সোমবার আমাদের দলীয় বৈঠক রয়েছে—সেখানে পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হবে।’
বিএনপিকে আনুষ্ঠানিকভাবে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নে তাহের বলেন, ‘আমরা এ আহ্বান এখন মিডিয়ার মাধ্যমে দিচ্ছি। দেখি তারা কাল মিডিয়ায় কী প্রতিক্রিয়া দেখায়।’



























