বুজতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- আপডেট: ১২:১১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / ১৮৬

নিজস্ব প্রতিবেদক: শার্শার বাহাদুরপুর ইউনিয়নের বুজতলা সোনামুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো “আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৫” এর চূড়ান্ত পর্ব। ফাইনাল ম্যাচে কাগজপুকুর ফুটবল একাদশ ৩-০ গোলে কাগমারী ফুটবল একাদশকে হারিয়ে শিরোপা ঘরে তোলে।
সোনামুখী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি তুহিন আলীর সভাপতিত্বে আয়োজিত, ফাইনাল ম্যাচে হাজারো দর্শকের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। খেলার শুরু থেকেই কাগজপুকুর একাদশ আক্রমণাত্মক খেলা উপহার দেয়। প্রথমার্ধে তারা এক গোল করে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে প্রতিপক্ষকে একপ্রকার ছিটকে দেয় তারা।
খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলহাজ্ব নুরুজ্জামান লিটন। তিনি বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজ গঠনের শক্তিশালী হাতিয়ার। যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার ভূমিকা অপরিসীম।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান সাগর, বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সাহেব আলী, বেনাপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মিয়াদ আলী, সহ-দপ্তর সম্পাদক সাইদুজ্জামান ও বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি কাজী শাহাজাহান সবুজ প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর আলম, রিপন হোসেন, পৌর মৎস্যজীবী দলের আহবায়ক মফিজুর রহমান মফি, পৌর কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক শাহেদ আলী সবুজ, পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ ও বেনাপোল বন্দর চেকপোস্ট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জসীম উদ্দীন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আয়োজক বুজতলা ক্রীড়া সংস্থা জানায়, এই ধরনের টুর্নামেন্ট কেবল খেলোয়াড় তৈরির ক্ষেত্র নয়, বরং সামাজিক সচেতনতা সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষায় ক্রীড়ার বিকল্প নেই।






















