যশোর সীমান্তে বিজিবি’র সাঁড়াশি অভিযানে মাদকদ্রব্যসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ
- আপডেট: ০৯:১৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / ১০০

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল ও চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ২৬ লাখ ৪১ হাজার টাকা।
মঙ্গলবার (১৪ অক্টোবর-২০২৫) ৪৯ বিজিবির যশোর ব্যাটালিয়নের আওতাধীন বেনাপোল, আন্দুলিয়া, শিকারপুর বিওপি ও বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় একযোগে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জব্দ করা পণ্যের তালিকায় রয়েছে—বিদেশি মদ, ভারতীয় ‘Wincerex’ কফ সিরাপ (নেশাজাতীয়), কীটনাশক, খৈনি, পান মসলা, বিভিন্ন ধরনের ঔষধ, রেলওয়ে পার্টস, নাট-বোল্ট, প্লাস্টিক পাইপ, গাড়ির যন্ত্রাংশ, শাড়ি, কম্বল, থান কাপড় ও কসমেটিক্স সামগ্রী।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক অভিযানে এই বিপুল পরিমাণ পণ্য জব্দ করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকা দিয়ে মাদক ও চোরাচালান চালানোর অপচেষ্টা চলছে। তবে বিজিবি’র কঠোর নজরদারি ও অভিযানের কারণে এসব কার্যক্রম ব্যাহত হচ্ছে। সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে এবং আইন অনুযায়ী তা ধ্বংসের করা হবে। অন্যদিকে, চোরাচালানকৃত অন্যান্য পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।
স্থানীয়দের মতে, বিজিবির তৎপরতায় সীমান্তে মাদক ও চোরাচালান অনেকটাই কমেছে। তবে চোরাকারবারীরা নানা কৌশলে এখনো তৎপর রয়েছে। তাই এই ধরনের নিয়মিত অভিযান আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন তাঁরা।






















