বেনাপোলে বিজিবি’র অভিযানে বিদেশি মদ ও ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ
- আপডেট: ০৮:৩৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
- / ৮৮

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে বিদেশি মদ, ভারতীয় শাড়ি, কসমেটিকস ও অন্যান্য মূল্যবান চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) এ অভিযান পরিচালনা করা হয়।
যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি টহল দল বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ, ভারতীয় শাড়ি, কম্বল ও কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, “দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার বেনাপোল সীমান্তে এ অভিযান চালানো হয়।”
তিনি আরও বলেন, “আটককৃত মাদকদ্রব্য ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়েছে এবং তা নিয়ম অনুযায়ী ধ্বংস করা হবে। অপরদিকে অন্যান্য পণ্যসমূহ বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।”
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।






















