ভবদহে জলাবদ্ধতা নিরসনে বাপাউবো-সেনাবাহিনীর মধ্যে সমঝোতা চুক্তি
- আপডেট: ০৯:৫৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / ১০০

নিজস্ব প্রতিবেদক: যশোর ও খুলনার ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) এবং বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) রাজধানীর পান্থপথে পানি ভবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বাপাউবোর পক্ষে স্বাক্ষর করেন যশোর পানি উন্নয়ন সার্কেল, খুলনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক বি এম আব্দুল মোমিন। সেনাবাহিনীর পক্ষে স্বাক্ষর করেন ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মামুন উর রশিদ।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকল্পের আওতায় যশোর ও খুলনা জেলার ৫টি নদ-নদী—হরিহর (৩৫ কিমি), হরি-তেলিগাতি (২০ কিমি), আপারভদ্রা (১৮.৫ কিমি), টেকা (৭ কিমি) ও শ্রী (১ কিমি)—মোট ৮১.৫ কিমি নদী পুনঃখনন করা হবে।
এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৩৯ কোটি ৯৮ লাখ ১৯ হাজার টাকা। সেনাবাহিনী সরকারের নির্দেশনা অনুযায়ী ‘অর্পিত ক্রয়কার্য’ (Delegated Procurement) পদ্ধতিতে প্রকল্পটি বাস্তবায়ন করবে।
প্রকল্পের আওতায় শুধু নদী খনন নয়, নিষ্কাশনব্যবস্থা উন্নয়ন, ড্রেজড মাটি সংরক্ষণ, স্থানীয় জনগণের চলাচলের রাস্তা উন্নয়ন, টার্ফিং এবং বৃক্ষরোপণের মতো পরিবেশবান্ধব উদ্যোগও নেওয়া হবে।
অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মো. এনায়েত উল্লাহ বলেন, “ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা দীর্ঘদিনের একটি সমস্যা। এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার জলাবদ্ধতা নিরসনে বড় পরিবর্তন আসবে। সেনাবাহিনী ও পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন, তদারকি ও অগ্রগতি পর্যবেক্ষণ করবে।”
অনুষ্ঠানে আরও যাঁরা ছিলেন, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাপাউবোর দক্ষিণ-পশ্চিমাঞ্চল, খুলনার অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, সেনাবাহিনীর স্টাফ অফিসার-১ (পরিকল্পনা) লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ, যশোর পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি এবং সেনাবাহিনীর প্রকল্প কর্মকর্তা মেজর গাজী নাজমুল হাসান।





















