ঝিকরগাছায় বিশেষজ্ঞ ডাক্তারের সাইনবোর্ডে টেকনোলজিস্ট চালাচ্ছে বিশ্বাস ডেন্টাল কেয়ার
- আপডেট: ০৪:৪৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
- / ১৭২

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা বাসস্ট্যান্ড মসজিদের সামনে এসকে মার্কেটের ২য় তলায় বিশেষজ্ঞ ডাক্তারের সাইনবোর্ডের উপর ভর করে বিশ্বাস ডেন্টাল কেয়ার নামে একটি দাঁতের চিকিৎসালয় চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ডাঃ মোঃ ইয়াসিন আল আমিন (শুভ), বিডিএস (ঢাকা) এর সাইনবোর্ড ব্যবহার করে রোগী দেখছেন টেকনোলজিষ্ট বিপ্লব হোসেন নামের এক ব্যক্তি। দাঁতের ডাক্তার হিসেবে তার নেই কোন সনদ।
অনুসন্ধানে জানা যায়, বিশ্বাস ডেন্টাল কেয়ারের দাঁতের ডাক্তার বিপ্লব হোসেন এর দন্ত চিকিৎসার উপর কোন ডিগ্রি নেই। তিনি একটি বেসরকারী মেডিকেল কলেজ থেকে দাঁতের ডাক্তারের সহকারী হিসেবে ডিপ্লোমা কোর্স করেছেন। কাজ করতেন বিডিএস ডিগ্রিধারী ডাঃ মোঃ ইয়াসিন আল আমিন শুভ’র নিকট। বিগত দেড় বছর পূর্বে ডাক্তার শুভ স্ট্রোক করে অত্র প্রতিষ্ঠানে রোগি দেখা বন্ধ করে দিয়েছেন। তারপর থেকে কথিত দাঁতের ডাক্তার বিপ্লব হোসেন নিজেকে দাঁতের ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা দিয়ে আসছেন। নিজের শিক্ষাগত যোগ্যতা ও মেডিকেল ডিগ্রি লুকিয়ে নিজেকে অভিজ্ঞ দন্ত চিকিৎসক পরিচয় দিয়ে রীতিমতো দাঁতের ডাক্তার বনে গেছেন।
স্থানীয় বাজারে অভিজ্ঞ দাঁতের ডাক্তার আছে জেনে সাধারন মানুষ তার কাছে চিকিৎসা নিতে শুরু করেন। একজন ডাক্তার না হয়েও তিনি লিখছেন ব্যবস্থাপত্র। সেখানে তিনি দাঁত তোলা, বাঁধানো, স্কেলিং, ফিলিং, রুট ক্যানেল, ক্যাপ, ব্রিজসহ সকল ধরনের দাঁতের চিকিৎসা প্রদান করে চলেছেন। যেগুলো একজন ডেন্টাল সার্জনের কাজ।
নীতিমালায় স্পষ্ট রয়েছে, যারা বাংলাদেশ মেডিকেল এ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক অনুমোদিত মেডিকেল বা ডেন্টাল ইনস্টিটিউট থেকে এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি অর্জন করেছেন কেবলমাত্র তারাই নামের আগে ডাক্তার বা ডেন্টিস্ট লিখতে পারবেন। অন্য কোন ডিগ্রিধারী (যেমন, ডিপ্লোমাধারী বা ডিএমএস ডিগ্রিধারীরা) এই পদবী ব্যবহার করতে পারবেন না। যেসকল ব্যক্তিগণ ডেন্টাল টেকনোলজির উপর ডিপ্লোমা কোর্স করেছেন, তারা একজন ডেন্টিস্টের সহযোগী হিসেবে কাজ করতে পারবেন।
এ বিষয়ে দাঁতের ডাক্তার বিপ্রব হোসেনের নিকট জানতে চাইলে তিনি জানান, আমার এখানে ডাঃ শুভ প্রতি শুক্রবারে চেম্বার করতেন। আমি তার সহকারী হিসেবে কাজ করতাম। তিনি অসুস্থ হয়ে পড়ায় আমি নিজেই চিকিৎসা দেই। তিনি সুস্থ হলে আবার চেম্বার করবেন। দাঁতের ডাক্তার না হয়েও চিকিৎসা সেবা কিভাবে দিচ্ছেন জানতে চাইলে তিনি আরও জানান, আমি ডিপ্লোমা করেছি। আমাদের বেশকিছু কাজ করার বৈধতা আছে।
সাইনবোর্ডে উল্লেখিত ডাঃ শুভ’র নিকট মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, দেড় বছর আগে আমি প্রতি শুক্রবারে ওখানে চেম্বার করতাম। আমি অসুস্থ হওয়ার পর থেকে আমি আর চেম্বার করিনি। আমার সাইনবোর্ড লাগানো থাকার কথা না, যদি এটা করে থাকে তাহলে আমি নিষেধ করে দিবো। তাছাড়া, বিডিএস ডিগ্রিধারী না থাকলেতো সে দাঁতের চিকিৎসা দিতে পারবে না। আমি তাকে বিষয়টি অবহিত করবো।
স্থানীয় একাধিক সুত্র জানিয়েছে, তার এখানে দাঁতের বিশেষজ্ঞ ডাক্তার আছে জেনে তার কাছে চিকিৎসা নিই। সে যে ডাক্তার নন এবিষয়ে আমরা জানি না। তারা এই ভুয়া ডাক্তারের শাস্তির দাবি করেছেন এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সিভিল সার্জন যশোরের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ আব্দুর রশিদের নিকট বিষয়টি কর্মকর্তাজানালে তিনি জানান, কিছুদিন আগে ওখানে একটা অভিয়ান পরিচালনা করে সতর্ক করে দেওয়া হয়েছিল। এরপরও যদি শুধরে না যায় তাহলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।





















