শার্শায় পুলিশের অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, দুই মাদক কারবারি পলাতক
- আপডেট: ০৩:৫২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
- / ৮৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা থানায় পুলিশের বিশেষ অভিযানে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দুই মাদক কারবারি।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে শার্শা থানার এসআই মো. আনিসুর রহমান ও এএসআই মো. সিলন আলী নেতৃত্বাধীন একটি দল লক্ষণপুর ইউনিয়নের শিকারপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের পাশে অভিযান চালায়। এসময় সেখানে পরিত্যক্ত অবস্থায় ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
অভিযানকালে উপস্থিত পুলিশ সদস্যরা জানান, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই মাদক ব্যবসায়ী ফেনসিডিল ফেলে রেখে দৌঁড়ে পালিয়ে যায়।
এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নম্বর-১২, তারিখ-১২/০৯/২০২৫, ধারা-৩৬(১) সারণি ১০(গ)/৪১) রুজু করা হয়েছে।
পলাতক দুই আসামি হলেন: মো. শান্ত হোসেন (২৭), পিতা- মো. আতিয়ার রহমান ও মো. বাবু (২৫), পিতা- অজ্ঞাত, শ্বশুর- মো. মহিউদ্দিন। উভয়ের বাড়ি যশোরের শার্শা থানার শিকারপুর গ্রামে।
পুলিশ জানায়, পলাতক শান্ত হোসেন এর আগেও মাদক মামলায় জড়িত ছিলেন। ২০২২ সালের ২৩ জানুয়ারি তার বিরুদ্ধে শার্শা থানায় আরও একটি মামলা দায়ের হয় (এফআইআর নং-২৪/২৪)।
এলাকাবাসীর বরাতে পুলিশ জানিয়েছে, পলাতক দুইজনই পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে এলাকায় ফেন্সিডিল ও অন্যান্য মাদক সরবরাহ করে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলিম বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”




















