শার্শা সীমান্তে বিজিবি’র অভিযানে ফেন্সিডিলসহ বিভিন্ন অবৈধ পণ্য জব্দ
- আপডেট: ০৮:০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / ১১১

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা সীমান্তে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) পৃথক অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৪৯ বিজিবির অধীনস্থ বেনাপোল বিওপি, কাশিপুর বিওপি এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় একযোগে এই বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি চৌকস টহল দল। অভিযানে ৭ লাখ ৫৬ হাজার ৪০০ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ফেনসিডিল, বিভিন্ন বিদেশি চকলেট, কিশমিশ, ভারতীয় শাড়ি ও কসমেটিকস সামগ্রী।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক ও চোরাচালান দমনে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
তিনি আরও জানান, জব্দকৃত ফেনসিডিল ও অন্যান্য মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে, যা পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে ধ্বংস করা হবে। অন্যদিকে অন্যান্য চোরাচালান পণ্য যথাযথ নিয়মে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
সীমান্তে বিজিবির কঠোর নজরদারির ফলে সাম্প্রতিক সময়ে মাদক ও চোরাচালান চক্রের তৎপরতা অনেকটাই কমে এসেছে বলে ধারণা স্থানীয় সচেতন মহলের।






















