বেনাপোলে ছাত্রদল নেতার মোটরসাইকেল চুরি, চোর চক্রের দৌরাত্ম্যে উদ্বেগ
- আপডেট: ১২:৩১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / ১৩৫

নিজস্ব প্রতিবেদক: বেনাপোলের প্রাণকেন্দ্র দুর্গাপুর মোড় থেকে ডাবল ডিস্ক ১৫০ সিসি কালো রঙের একটি পালসার মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। যশোর-ল-১৫-১৩৭৫ নম্বরের মোটর সাইকেলটির মালিক শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর। ঘটনায় ক্ষুব্ধ ভুক্তভোগী দ্রুত পদক্ষেপ চেয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।
ঘটনার বিবরণে জানা যায়, গত সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সাগর তার মোটরবাইকটি দুর্গাপুর মোড়ে রেখে পাশে আবু মুসার দোকানে গিয়ে বসেন। প্রায় ২০ মিনিট পর বাইরে এসে দেখেন তার বাইকটি উধাও। অথচ সেখানে থাকা বাকি দুটি মোটরবাইক অক্ষত ছিল। এতে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পেশাদার চক্রের অংশ এবং সুনির্দিষ্টভাবে পরিকল্পনা করেই বাইকটি চুরি করেছে।
সাগর জানান, “আমরা তিনজনের তিনটি মোটরবাইক রাখি। বের হয়ে দেখি শুধু আমারটাই নাই। খোঁজাখুঁজির পরও না পেয়ে থানায় অভিযোগ দিয়েছি। সন্দেহভাজন হিসেবে বেনাপোলের ইমরান নামের একজনের কাছে গেলে, সে আমাদের একজনকে এবং তার সঙ্গীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।”
ছুরিকাঘাতে আহত দুইজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, বেনাপোলে একের পর এক মোটরসাইকেল চুরি হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। চোরচক্র রীতিমতো প্রকাশ্যে দাপিয়ে বেড়াচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল মিয়া বলেন, “একটি মোটরসাইকেল চুরির অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং বাইক উদ্ধারে কাজ চলছে।”




















