শার্শা সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা : ৭ বাংলাদেশি আটক
- আপডেট: ০৩:৩০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
- / ৬৩

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা সীমান্তে আবারও রোধ করা হলো অবৈধ অনুপ্রবেশ। কায়বা সীমান্ত দিয়ে গোপনে ভারতে ঢোকার চেষ্টাকালে বিজিবির হাতে আটক হয়েছেন ৭ বাংলাদেশি নাগরিক। সোমবার (২৫ আগস্ট) রাতে শার্শার পূর্ব রুদ্রপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে রয়েছেন ৪ জন পুরুষ ও ৩ জন নারী। আটককৃতরা হলেন— হৃদয় গাইন (২৩), শিশির মন্ডল, সুজিত মন্ডল (৩৪), কুমার জিন্দ্র গাইন (৫০), পাঞ্চু মন্ডল (৩৬), পুতুল নন্দী (২০), তৃষ্ণা অনুকারী (১৭) এবং ছবুরণ বেগম (৪৫)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কায়বা বিওপির একটি টহল দল পূর্ব রুদ্রপুর এলাকায় অবস্থান নেয়। এসময় গোপনে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে তাদের আটক করা হয়।
তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে বাংলাদেশি ৩ হাজার টাকা, ভারতীয় ৮ হাজার রুপি এবং ৭টি মোবাইল ফোন (৪টি স্মার্টফোন ও ৩টি বাটন ফোন) জব্দ করা হয়।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা টহল জোরদার করি। সীমান্ত অতিক্রমের সময় ৭ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।”
তিনি আরও বলেন, “সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ও চোরাচালান রোধে নজরদারি বাড়ানো হয়েছে। স্থানীয় জনগণকেও সচেতন করা হচ্ছে যেন তারা এ ধরনের অপরাধে জড়িয়ে না পড়ে।”
বিজিবি সূত্র জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে— তারা কাজের সন্ধানে ভারতে যাওয়ার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন।





















