দলের সম্ভাব্য প্রার্থীদের সাথে কথা বলছেন তারেক রহমান
- আপডেট: ০৪:২৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
- / ২১৬

বুলবুল খান : জাতীয় সংসদের ৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এ জন্য প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করেছে। হাইকমান্ডের নির্দেশ মতে, এবার প্রার্থী করার ক্ষেত্রে দলের ত্যাগী এবং ক্লিন ইমেজের নেতাদের প্রাধান্য দেওয়া হবে। ১০০ আসনে প্রাধান্য দেওয়া হবে তরুণ নেতাদের। এদিকে নিজ নিজ সংসদীয় আসনে প্রার্থিতা নিশ্চিত করতে চলছে নেতাদের দৌড়ঝাঁপ।
সংস্কার ও পতিত স্বৈরশাসক গোষ্ঠীর বিচার ছাড়া নির্বাচন নয় বললেও ইতিমধ্যে জামায়াত, বাংলাদেশ ইসলামি আন্দোলন, এনসিপি, গণঅধিকার পরিষদও তাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করেছে। দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি নির্বাচনের দিনক্ষণ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকায় নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে অন্যান্য দল থেকে খানিকটা পিছিয়ে। তবে দলটি বলছে, তারা সবসময়ই নির্বাচনের জন্য প্রস্তুত।
সূত্র জানায়, ফেব্রুয়ারি মাস টার্গেট করে নির্বাচনী প্রস্তুতি পুরোদমে চালিয়ে যাচ্ছে বিএনপি। ইতোমধ্যে নির্বাচনী চূড়ান্ত কর্মকৌশল প্রণয়ন করা হয়েছে। দলের হাইকমান্ড অত্যন্ত গোপনে তিন স্তরে যাচাই-বাছাই কার্যক্রম চালিয়েছে। ৩০০ আসনে সম্ভাব্য প্রার্থীদের একটি খসড়া তালিকার কাজ শেষ করেছে দলটি। এ তালিকায় অধিকাংশ আসনেই একাধিক প্রার্থী রয়েছে। খসড়া তালিকার প্রার্থীদের আমলনামাও পৌঁছে গেছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে। প্রাথমিক যাচাই-বাছাইয়ের পর তিনি প্রার্থীদের সম্পর্কে বিস্তারিত তথ্য নিচ্ছেন। তাদের মধ্যে যোগ্য ও ক্লিন ইমেজের নেতাদের গ্রিন সিগন্যাল দেওয়াও শুরু করেছেন।



























