যশোরে ব্যতিক্রমী আয়োজন এক বেলা পেটভরে ভালো খাবার খেলেন শতাধিক শ্রমজীবী মানুষ
- আপডেট: ০১:৩৭:২৮ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
- / ১৪২

নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের অভিজাত এলাকা বোরহান শাহ সড়কে অবস্থিত ‘যশোর ক্লাব’-এর লাক্সারি কনভেনশন সেন্টারে শনিবার (৩১ মে) দুপুরে দেখা গেল এক ভিন্ন দৃশ্য।
সাধারণত অভিজাত অনুষ্ঠান ও উচ্চবিত্তদের আনাগোনার জন্য পরিচিত এই ক্লাবের রাজকীয় আয়োজনে এদিন অতিথি ছিলেন শহরের খেটে খাওয়া, দিনমজুর ও রিকশাচালকদের মতো শ্রমজীবী শ্রেণির মানুষ।
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি ও বীর উত্তম শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল এই ব্যতিক্রমী আয়োজন করে। শ্রমজীবী মানুষের জন্য চীনামাটির প্লেটে পরিবেশিত হয় উন্নত মানের খাবার—ভাত, ডাল, মাংস, মাছ, মিষ্টি, দই ও কোমল পানীয়। অতিথিদের সম্মানের সঙ্গে বসানো হয় সাজানো চেয়ার-টেবিলে।
একজন রিকশাচালক নুর উদ্দিন বলেন, “এই ক্লাবের সামনে দিয়ে প্রতিদিন যাই। ভেতরে ঢুকতে পেরেছি জীবনে প্রথমবার। আজ পেটপুরে ভালো খাবার খেলাম, যেন স্বপ্ন পূরণ হলো।”
আরেকজন শ্রমজীবী, তরিকুল ইসলাম বলেন, “জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে আমাদের মতো গরিব মানুষদের নিয়ে এমন আয়োজন—এটা আসলেই বড় কিছু। মনে হলো, আমরা সমাজের গুরুত্বপূর্ণ কেউ।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। তিনি নিজ হাতে অতিথিদের খাবার পরিবেশন করেন এবং শেষে তাদের সঙ্গে বসে খাবার গ্রহণ করেন। অমিত বলেন, “বিএনপি সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণে বিশ্বাস করে। শ্রমজীবী মানুষের সম্মান দেখানো বিএনপির রাজনৈতিক আদর্শেরই অংশ।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম রেজা দুলু, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক, দৈনিক লোক সমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল ও সদস্য সচিব রাজিদুর রহমান সাগর।
এই ব্যতিক্রমী আয়োজনটি যশোরবাসীর কাছে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে জানান আয়োজকরা।





















