বেনাপোলে শ্রমিক নেতা তবির ওপর বোমা হামলার প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ
- আপডেট: ১০:৫৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / ১৭

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবির ওপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।
সমাবেশ থেকে হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। অন্যথায় বেনাপোল স্থলবন্দরে কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা।
মঙ্গলবার (২৪ নভেম্বর-২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে বেনাপোল স্থলবন্দরের ৯২৫ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বেনাপোল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিটিএম ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ৯২৫ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদ আলী বলেন, সারাদেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও সহিংসতার প্রতিবাদে সোমবার রাতে তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাদের সংগঠনের সভাপতি তবিবুর রহমান তবিকে লক্ষ্য করে পরপর তিনটি ককটেল নিক্ষেপ করে। এতে তবিবুর রহমান তবি ও তার সঙ্গে থাকা ট্রাকচালক ইউনিয়নের নেতা লোকমান আহত হন।
তিনি বলেন, খবর পেয়ে দ্রুত আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে লোকমান সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। অন্যথায় তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন।
সমাবেশে ৮৯১ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মাকসুদুর রহমান রিন্টু বলেন, ৯২৫ শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবির ওপর বোমা হামলার ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করছেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি। অন্যথায় বেনাপোল স্থলবন্দরে শ্রমিকরা কাজ বন্ধ করে দেবেন বলে হুঁশিয়ারি দেন।
এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু ও সদস্যসচিব রায়হানুজ্জামান দিপু।
এ ছাড়া উপস্থিত ছিলেন ৮৯১ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন হোসেন, ৯২৫ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সহসাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ সবুজ হোসেন, প্রচার সম্পাদক ওমর ফারুক, বন্দরবিষয়ক সম্পাদক আব্বাস আলী, দপ্তর সম্পাদক আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্য মো. কামরুজ্জামান এবং সদস্য জামির হোসেন, মো. ইছাহক মেম্বার, জুলু মেম্বার, লিংকন মেম্বার ও লেবার সরদার হাসেম আলীসহ ৯২৫ ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ শ্রমিকরা।
সমাবেশ থেকে শ্রমিক নেতারা হামলার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।





















