০৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নারী নির্যাতন প্রতিরোধে খাগড়াছড়িতে ৯ দফা দাবি, হাসপাতালে বিশেষায়িত সেবাকক্ষ প্রতিষ্ঠার আহ্বান

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৫০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / ৮

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে শুধু সচেতনতা সৃষ্টি নয়, প্রয়োজন কার্যকর প্রাতিষ্ঠানিক উদ্যোগ, ভুক্তভোগীদের সুরক্ষা এবং অপরাধের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক জবাবদিহি। এ লক্ষ্য সামনে রেখে খাগড়াছড়িতে নয় দফা দাবি উত্থাপন করেছে নারী অধিকারকর্মী ও উন্নয়ন সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৬ উদযাপন কমিটি।

দাবিগুলোর মধ্যে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ কমিটিগুলো সক্রিয় করা, খাগড়াছড়ি সদর হাসপাতালে বিশেষায়িত জরুরি সেবাকক্ষ প্রতিষ্ঠা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের মাতৃভাষায় আইনি সহায়তা নিশ্চিত এবং সহিংসতার ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ বিচার। একই সঙ্গে ভুক্তভোগীদের চিকিৎসা, মনোসামাজিক সেবা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করারও দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। এ সময় ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ১৬ দিনের কর্মসূচিও ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির কর্মী নিধি চাকমা। লিখিত বক্তব্যে বলা হয়, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা কোনো বিচ্ছিন্ন সামাজিক অপরাধ নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে ক্ষমতার অসম বণ্টন, লিঙ্গবৈষম্য, পিতৃতান্ত্রিক মানসিকতা ও বিচারহীনতার সংস্কৃতি। পারিবারিক সহিংসতা, ধর্ষণ, যৌন হয়রানি, বাল্যবিবাহ ও মানবপাচারের মতো অপরাধ নারীর নিরাপত্তা, মর্যাদা, স্বাধীনতা এবং স্বাভাবিক বিকাশকে প্রতিনিয়ত বাধাগ্রস্ত করছে।

সহিংসতার শিকার হওয়ার পরও অনেক নারী ও শিশুকে নতুন করে সামাজিক অপবাদ, ভয়ভীতি এবং ভুক্তভোগীকেই দায়ী করার মানসিকতার মুখোমুখি হতে হয়। পর্যাপ্ত চিকিৎসা, আইনি সহায়তা, মনোসামাজিক সেবা ও নিরাপদ আশ্রয়ের অভাব তাঁদের ন্যায়বিচার পাওয়ার পথকে আরও জটিল করে তুলছে।
বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের দুর্গম ভৌগোলিক অবস্থান, ভাষাগত প্রতিবন্ধকতা এবং প্রয়োজনীয় সেবাপ্রাপ্তির সীমিত সুযোগ ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী ও কন্যাশিশুদের জন্য সংকটকে আরও গভীর করে তুলেছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

নয় দফা দাবিতে প্রাতিষ্ঠানিক সংস্কারের তাগিদ
সংবাদ সম্মেলনে উত্থাপিত নয় দফা দাবির মধ্যে রয়েছে—শিক্ষাপ্রতিষ্ঠানে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ কমিটিগুলো কার্যকর ও জবাবদিহিমূলক করা; খাগড়াছড়ি সদর হাসপাতালে নিরাপদ ও গোপনীয় জেন্ডারভিত্তিক সহিংসতা জরুরি সেবাকক্ষ (জিবিভি ইমার্জেন্সি রেসপন্স রুম) প্রতিষ্ঠা; ইউনিয়নসহ স্থানীয় পর্যায়ের নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটিগুলোর কার্যক্রম গতিশীল করা; সহিংসতার শিকার ব্যক্তিদের জন্য সমন্বিত চিকিৎসা, আইনি ও মনোসামাজিক সেবা এবং নিরাপদ আশ্রয় নিশ্চিত করা।

এ ছাড়া দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর বিচারব্যবস্থা নিশ্চিত; ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের মাতৃভাষায় প্রয়োজনীয় সেবা ও আইনি সহায়তা প্রদান; বাল্যবিবাহ ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ; ভুক্তভোগীকে দোষারোপ ও সামাজিক অপবাদের সংস্কৃতি বন্ধ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও প্রতিরোধ কমিটিগুলোর কার্যক্রম নিয়মিত পরিবীক্ষণ ও জবাবদিহির আওতায় আনার দাবি জানানো হয়।

বক্তারা বলেন, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা কোনো অনুগ্রহ নয়, এটি তাঁদের মৌলিক অধিকার। এ অধিকার রক্ষায় রাষ্ট্র, প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সামাজিক নেতৃত্ব—সবার দায়িত্ব রয়েছে। প্রতিরোধ কমিটিগুলো যেন কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে, বরং ভুক্তভোগীদের পাশে দাঁড়িয়ে কার্যকর ভূমিকা পালন করে, তা নিশ্চিত করতে হবে।

এ বছর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হোন: ন্যায়বিচার নিশ্চিত করুন, ভুক্তভোগীদের সুরক্ষা দিন, দায়মুক্তির সংস্কৃতি বন্ধ করুন।’

১৬ দিনের কর্মসূচিতে মানববন্ধন, সেমিনার ও প্রশিক্ষণ
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২৫ নভেম্বর সকাল ৯টায় খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে মানববন্ধন ও সেমিনারের মধ্য দিয়ে ১৬ দিনের কর্মসূচির সূচনা হবে।

৩০ নভেম্বর বিকেলে খাগড়াপুরের উইমেন রিসোর্স সেন্টারে দক্ষিণ এশীয় নারী দিবস উপলক্ষে নারী অধিকারকর্মী কমলা ভাসিনের জীবন ও কর্ম নিয়ে আলোচনা, চলচ্চিত্র প্রদর্শনী এবং প্রদীপ প্রজ্বালনের আয়োজন করা হয়েছে।

৪ ও ৫ ডিসেম্বর সহিংসতার শিকার নারীদের কেস ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। ৫ ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস উপলক্ষে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে স্বেচ্ছাসেবকদের ভূমিকা নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

এ ছাড়া ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস উপলক্ষে সাইকেল র‍্যালি এবং ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে সকাল সাড়ে ৯টায় খাগড়াছড়ি প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধনের মধ্য দিয়ে ১৬ দিনের কর্মসূচি শেষ হবে।
সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন উদযাপন কমিটির সদস্য ও উইমেন রিসোর্স নেটওয়ার্কের জেলা সমন্বয়কারী নমিতা চাকমা। সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও কেএমকেএসের নির্বাহী পরিচালক গীতিকা ত্রিপুরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেএমকেএসের কর্মী পিংকি বড়ুয়া।

এ সময় তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা, উদযাপন কমিটির সদস্য ও মিলনপুর মহিলা সমিতির নির্বাহী পরিচালক ত্রিনা চাকমাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটি জানিয়েছে, নারী অধিকার, মানবাধিকার ও উন্নয়ন নিয়ে কাজ করা স্থানীয় বিভিন্ন সংগঠনের সহযোগিতায় ঘোষিত কর্মসূচিগুলো বাস্তবায়ন করা হবে।

Please Share This Post in Your Social Media

নারী নির্যাতন প্রতিরোধে খাগড়াছড়িতে ৯ দফা দাবি, হাসপাতালে বিশেষায়িত সেবাকক্ষ প্রতিষ্ঠার আহ্বান

আপডেট: ০৭:৫০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬