ডিএনএ টেস্টে ধর্ষণ প্রমাণিত, ইমাম আব্দুর রহমানই প্রতিবন্ধী তরুণীর সন্তানের পিতা
- আপডেট: ০৬:০০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / ১২

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছায় বহুমাত্রিক প্রতিবন্ধী তরুণীকে (২১) ধর্ষণের পর জন্ম নেওয়া শিশুটির জৈবিক পিতা কারাবন্দী ইমাম ও কবিরাজ মো. আব্দুর রহমান (৬০) বলে বাংলাদেশ পুলিশের সিআইডি ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরির প্রতিবেদনে প্রমাণিত হয়েছে। ডিএনএ পরীক্ষায় পিতৃত্বের সম্ভাবনা (Probability of Paternity) ৯৯.৯৯৯৯৯৯৯৯% এসেছে।
গত ১২মে বহুমাত্রিক প্রতিবন্ধী ওই তরুণীকে ধর্ষণের অভিযোগে যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের আজমপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় রাজাপুর দক্ষিণ পাড়া নতুন মসজিদের ইমাম তথাকথিত কবিরাজ আব্দুর রহমানের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মামলা (মামলা নং-২১) করেন প্রতিবন্ধী তরুনীর মাতা।
মামলা দায়েরের পর আব্দুর রহমান আত্মগোপনে চলে যান। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে বরিশালে তার জামাইয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করে এবং বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন। এর আগে গত ১৮ মার্চ নাভারণ পল্লী ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে ওই তরুণী একটি ছেলে সন্তানের জন্ম দেন।
ভুক্তভোগী তরুণীর মা অভিযোগ করেছিলেন, প্রতিবেশী কবিরাজ আব্দুর রহমান পান খাওয়ানোর ও টাকার লোভ দেখিয়ে তার বুদ্ধি ও বাকপ্রতিবন্ধী মেয়েকে ঘরে নিয়ে ধর্ষণ করেন। শারীরিক পরিবর্তন দেখার পর গত অক্টোবরে চিকিৎসকের শরণাপন্ন হলে তরুণীর চার মাসের অন্তঃসত্ত্বা থাকার বিষয়টি ধরা পড়ে। সে সময় ঘটনাটি জানাজানি হলে স্থানীয়ভাবে সালিশ হলেও প্রভাবশালী অভিযুক্তের পক্ষ থেকে কোনো সমাধান না করে উল্টো গর্ভপাত ঘটানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছিলেন ভুক্তভোগীর পরিবার।
অন্যদিকে, ঘটনার পর আব্দুর রহমান ধর্ষণের অভিযোগ অস্বীকার করেন এবং তার স্ত্রী দাবি করেছিলেন, পাগলের (প্রতিবন্ধী তরুণীর) কথা বিশ্বাস করা যায় না এবং ডিএনএ টেস্টের মাধ্যমেই প্রকৃত সত্য উদঘাটিত হবে। এসময় একটি মহল ধর্ষকের পক্ষ নিয়ে প্রতিবন্ধীর পরিবারের ওপর চাপ সৃষ্টি করে ঘটনার বিচার বিলম্বিত করে এবং আপোষ রফার তদবির করে। পরবর্তীতে আদালতের নির্দেশনা ও তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে নমুনা সংগ্রহ করে বাংলাদেশ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)-এর মালিবাগ, ঢাকার ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। ল্যাব কেস নং ২৬-০২৬০০ এবং রিপোর্ট নং ১ অনুযায়ী, গত ১৩ আগস্ট ২০২৬ তারিখে স্বাক্ষরিত ডিএনএ অ্যানালাইসিস রিপোর্টে (ডিএনএ পরীক্ষক মো. মহিমিনুল হাসান) চূড়ান্তভাবে উল্লেখ করা হয় যে, ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে মো. আব্দুর রহমান শিশুটির জৈবিক পিতা।
ডিএনএ রিপোর্টে অভিযুক্তের পিতৃত্ব প্রমাণিত হওয়ায় চাঞ্চল্যকর এ ঘটনায় কারাবন্দী আসামির দৃষ্টান্তমূলক শাস্তি এবং ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুর পিতৃ পরিচয় নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।





















