বেনাপোলে জামায়াতের বিক্ষোভ ও প্রতিবাদ সভা
- আপডেট: ০৬:৫৯:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / ১৫

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরের শার্শায় বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) বিকেলে বেনাপোল বলফিল্ডের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সভায় মিলিত হয়। হাজার হাজার নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বেনাপোলের রাজপথ মুখরিত হয়ে ওঠে।
শার্শা উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপাধ্যক্ষ ফারুক হাসানের সভাপতিত্বে এবং বেনাপোল পোর্ট থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা রেজাউল করিম।
বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাস্টার রেজাউল করিম এবং শার্শা উপজেলা জামায়াতের নায়েবি আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীর। এ সময় আরও উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানা জামায়াতের আমীর ও মেয়র পদপ্রার্থী রেজাউল ইসলাম এবং শার্শা উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলমসহ জামায়াতে ইসলামী ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
প্রতিবাদ সভায় বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিগত স্বৈরাচারী সরকার ২০২৪ সালের ৫ আগস্ট পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই দেশে একের পর এক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
বর্তমান সরকারের উদ্দেশে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা আরও বলেন, “স্বৈরাচার হাসিনার দোসরদের দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পথ থেকে প্রতিহত করুন। দেশের শান্তি বজায় রাখতে ব্যর্থ হলে সরকারের পদ থেকে পদত্যাগ করুন। অন্যথায় দেশবাসী মনে করবে, আপনারাও এই স্বৈরাচারদের সাথে কোনো গোপন আঁতাত করে চলেছেন।”
অবিলম্বে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর হাতে নিয়ন্ত্রণ এবং সব ষড়যন্ত্র প্রতিহত করার জোর দাবি জানিয়ে বক্তারা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা বেঁচে থাকতে এই দেশকে পুনরায় কোনো স্বৈরাচারের চক্রান্তের শিকার হতে দেওয়া হবে না।





















