চুয়াডাঙ্গা-২ আসনের ৫৪টি পূজা মন্দিরে বিজেএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান বাবুর আর্থিক অনুদান প্রদান
- আপডেট: ০৭:৪১:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / ১৩

আজাদ হোসেন, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকার শারদীয় দুর্গাপূজার আয়োজনকে আরও আনন্দময় ও উৎসবমুখর এবং পূর্ণতা দিতে জেলা বিএনপির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি এবং বাংলাদেশের পোশাক প্রস্তুতকারক ও রফতানি কারকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান বাবুর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
আজ রবিবার সকাল ১০টার দিকে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের হাতে এই অনুদানের নগদ অর্থ তুলে দেয়া হয়।
এসময় জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এলাকার মোট ৫৪টি দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এই অনুদানের নগদ অর্থ তুলে দেন। অনুদান বিতরণকালে বিএনপি নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।
এখানে প্রতিটি ধর্মের মানুষ যাতে উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে তাদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সেই লক্ষ্যে বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের আনন্দকে আরও বাড়িয়ে দিতেই জেলা বিএনপি সভাপতির এই বিশেষ উদ্যোগ। অর্থ সহায়তা পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
তারা জানান, এই অনুদান মন্দির গুলোর পূজার প্রস্তুতি ও উৎসবের আয়োজনকে সুন্দরভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





















