দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে এসআরবি, যশোর-নড়াইলে তিন স্তরের ব্যবস্থা
- আপডেট: ০৬:৩৪:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / ৯

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে যশোর ও নড়াইলে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে এসআরবি-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্প।
পূজামণ্ডপে বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি, সাইবার মনিটরিং এবং গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপনের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে বাহিনীটি। পূজাকে কেন্দ্র করে নাশকতা, বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে এসআরবি।
রোববার (১৮ অক্টোবর-২০২৬) দুপুরে যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশন মন্দির পরিদর্শনকালে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবি-৬, সিপিসি-৩ (যশোর) এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক।
তিনি জানান, এসআরবি-৬, সিপিসি-৩ (যশোর) এর দায়িত্বাধীন এলাকায় মোট ১ হাজার ২৭৮টি পূজামণ্ডপ রয়েছে। এসব মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে গত ১৩ অক্টোবর থেকে বিশেষ নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে ২১ অক্টোবর পর্যন্ত।
লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক বলেন, পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল জোরদার করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি আগেভাগে শনাক্ত ও প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইন কার্যক্রম পর্যবেক্ষণে সক্রিয় রয়েছে সাইবার মনিটরিং সেল।
তিনি আরও জানান, শহরের প্রবেশমুখ ও গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ২৪ ঘণ্টা নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে। পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে।
তিনি বলেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কেউ নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে পূজার আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ মহারাজ এবং পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।





















