উপজেলার পর জেলাতেও সাফল্যের ধারা অব্যহত রাখলো ঝিকরগাছা কামিল মাদ্রাসা
- আপডেট: ১০:৪৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- / ৬

স্টাফ রিপোর্টার : নজরুল বর্ষে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনের পর জেলা পর্যায়েও নিজেদের মেধা ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে ঐতিহ্যবাহী ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা।
নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতায় ঝিকরগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ঝিকরগাছা কামিল মাদ্রাসা গৌরবোজ্জ্বল সাফল্য লাভ করে। এরই ধারাবাহিকতায় যশোর জেলা পর্যায়ের প্রতিযোগিতাতেও প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা একাধিক ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে।
জেলা পর্যায়ের প্রতিযোগিতায় আলিম বিভাগে কাজী নজরুলের রচিত ইসলামী সংগীতে মোঃ রাসেল হোসেন ১ম স্থান অর্জন করেন। দাখিল পর্যায়ে কবি নজরুল ইসলাম রচিত হামদ-নাত এবং রচনার দুইটি ইভেন্টে সৈয়দা জান্নাতুল ফেরদাউস তুষা ২য় স্থান অর্জন করে। এছাড়া ফাজিল ও কামিল পর্যায়ে নজরুলের ইসলামী সংগীতে মনজুরুল আলম ৩য় স্থান এবং কবি নজরুল রচিত হামদ-নাত প্রতিযোগিতায় মুস্তাকিম ২য় স্থান অধিকার করে মাদ্রাসার মুখ উজ্জ্বল করেছে।
অন্যদিকে, বুধবার (১৪ অক্টোবর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতায়ও ঝিকরগাছা উপজেলা পর্যায়ে ৪টি ক্যাটাগরিতে প্রতিষ্ঠানটির মোট ৯ জন শিক্ষার্থী বিজয়ী হয়েছে। বিজয়ী শিক্ষার্থীরা হলো— কিরাত প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী ৮ম শ্রেণির শিক্ষার্থী ফুরকান সরকার, কবিতা আবৃত্তিতে ১ম স্থান পাওয়া ৯ম শ্রেণির সুরাইয়া খাতুন ও ২য় স্থান পাওয়া টুম্পা খাতুন, হামদ-নাতে ২য় স্থান অধিকারী ৯ম শ্রেণির শিক্ষার্থী সৈয়দা জান্নাতুল ফেরদাউস তুষা, কবিতা আবৃত্তিতে ১ম স্থান অর্জনকারী ৬ষ্ঠ শ্রেণির জান্নাতুল তাসনিম, একই বিভাগে ৩য় স্থান ও কিরাতে ২য় স্থান অর্জনকারী আব্দুল্লাহ আল আবিদ এবং আজান প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী ৮ম শ্রেণির জাহিদ হাসান।
শিক্ষার্থীদের এই অভাবনীয় ও ধারাবাহিক সাফল্যে আনন্দ প্রকাশ করে ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মুহিব্বুল ইসলাম বলেন, আমাদের প্রতিষ্ঠানটি শুধুমাত্র কিতাবি শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং শিক্ষার্থীদের মেধা, নৈতিকতা ও সাংস্কৃতিক বিকাশ ঘটিয়ে একজন আদর্শ ও পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। উপজেলা পর্যায় পার হয়ে জেলা পর্যায় এবং ইসলামিক ফাউন্ডেশনের প্রতিযোগিতায় আমাদের কোমলমতি শিক্ষার্থীদের এই অসাধারণ অর্জন পুরো ঝিকরগাছাবাসীর জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। এই সাফল্য অর্জনে শিক্ষকদের নিরলস গাইডলাইন এবং অভিভাবকদের সহযোগিতা ছিল অপরিসীম। আমি বিশ্বাস করি, আমাদের শিক্ষার্থীরা আগামীতে জাতীয় পর্যায়েও এই সাফল্যের ধারা বজায় রেখে মাদ্রাসা তথা পুরো অঞ্চলের ভাবমূর্তি উজ্জ্বল করবে।
এই অসাধারণ সাফল্যে বিজয়ী শিক্ষার্থী, তাদের শিক্ষক-অভিভাবক এবং মাদ্রাসা কর্তৃপক্ষকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঝিকরগাছার শিক্ষানুরাগী ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
























