ডিমলায় আনুষ্ঠানিকভাবে শুরু হলো ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ
- আপডেট: ০৮:৫৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- / ১০

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলা উপজেলায় জনকল্যাণমুখী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভাটিয়াপাড়া এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান। এ সময় ডিমলা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ওয়াসিম ইসলাম উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান আল বান্না, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহতাব উদ্দিন, খড়িবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তালেব, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য হাসিনুর রহমান, তথ্য সংগ্রহ কার্যক্রমে নিয়োজিত সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান ফ্যামিলি কার্ডের এই যুগান্তকারী উদ্যোগ গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, “ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম অত্যন্ত স্বচ্ছ, সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে হবে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। তথ্য সংগ্রহকারীদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার পাশাপাশি সুপারভাইজারদের যথাযথ তদারকি নিশ্চিত করতে হবে, যাতে কোনো ধরনের অনিয়ম বা ত্রুটি না থাকে।”
সতর্কবার্তা উচ্চারণ করে ইউএনও বলেন, “তথ্য সংগ্রহকালীন সময়ে যদি কোনো কর্মী বা ব্যক্তি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে একটি টাকাও দাবি করেন, তবে তাৎক্ষণিকভাবে বিষয়টি আমাকে কিংবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করুন। অভিযোগ প্রমাণিত হলে মুহূর্তের মধ্যে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।” তিনি সরকারি এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে সার্বিক সহযোগিতার আহ্বান জানান। ডিমলা সদর ইউনিয়ন দিয়ে এ কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়ন ও ওয়ার্ডগুলোতেও তথ্য সংগ্রহ করা হবে বলে জানান তিনি।
ডিমলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তালেব তার বক্তব্যে বলেন, নির্বাচনের পূর্বে গরিব ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড চালুর যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বর্তমান সরকার তা বাস্তবায়নে এগিয়ে এসেছে। এ সময় তিনি ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারপ্রধান প্রতি মাসে আড়াই হাজার টাকা (২,৫০০ টাকা) আর্থিক সহায়তা পাবেন বলে জানান। ডিমলা সদর ইউনিয়নকে প্রথম পর্যায়ে এই কার্যক্রমে নির্বাচন করায় তিনি উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়কে ধন্যবাদ জানান।























