শালিখায় পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
- আপডেট: ০৮:১৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / ৭

লক্ষণ কুমার মন্ডল, শালিখা (মাগুরা) প্রতিনিধি:
বিদেশ থেকে অর্জিত কষ্টার্জিত সঞ্চয় দিয়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন মাগুরার শালিখা উপজেলার সন্তান মোঃ জাহিদ মুন্সি।
তবে শত্রুতার বলি হয়ে মুহূর্তেই শেষ হয়ে গেল তার স্বপ্ন। শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের সিংড়া গ্রামে লিজ নেওয়া পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে প্রায় ৫ লাখ টাকার মাছ মেরে ফেলার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯:২০টার দিকে এই নেক্কারজনক ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শালিখা উপজেলার বলাইনাগসা গ্রামের আবুল মুন্সির পুত্র প্রবাসী ফেরত মোঃ জাহিদ দীর্ঘদিন প্রবাসে থেকে কঠোর পরিশ্রম করে কিছু টাকা সঞ্চয় করেন। দেশে ফিরে স্বাবলম্বী হওয়ার উদ্দেশ্যে সিংড়া গ্রামের ‘গুরুপাগাল বড় পুকুর’ লিজ নিয়ে বিভিন্ন প্রজাতির রুই, কাতলা ও ছোট-বড় নানা মাছ চাষ শুরু করেছিলেন।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, পুকুরজুড়ে ভেসে উঠছে বিভিন্ন প্রজাতির মরা মাছ। বাতাসে ভেসে আসছে দুর্গন্ধ। এক নিমেষেই নিঃস্ব হয়ে যাওয়া প্রবাসী জাহিদের কান্নায় ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ।
ক্ষতিগ্রস্ত জাহিদ মুন্সি অভিযোগ করে বলেন, “সামাজিক ও পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ রাতের আঁধারে আমার পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করেছে। এতে আমার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।” ঘটনার পর পুকুরপাড় থেকে আগুন জ্বালানোর আলামত ও পলিথিন মোড়ানো গ্যাস ট্যাবলেটের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
এ ধরনের নৃশংস ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।





















