শালিখার পিয়ারপুরে শিমুল গাছ কাটা নিয়ে সংঘর্ষ, উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ
- আপডেট: ১২:০৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / ১

শালিখা (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শালিখা উপজেলার পিয়ারপুর গ্রামে শিমুল গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি ও পাল্টাপাল্টি অভিযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলা ও মারধরের অভিযোগ করেছে। পাশাপাশি এক পক্ষ টাকা খোয়া যাওয়ার অভিযোগ করলেও অপর পক্ষ তা সম্পূর্ণ অস্বীকার করেছে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, পিয়ারপুর গ্রামের বজলুর রহমানের ছেলে মিল্টনের সঙ্গে তার চাচা মোতালেব মোল্লার পরিবারের শিমুল গাছ কাটা নিয়ে বিরোধের সূত্রপাত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের অভিযোগ তুলে মিল্টন থানায় অভিযোগ করেছেন। তার দাবি, মোতালেব মোল্লার ছেলে ফুয়াদ ও মুরাদ তাকে মারধর করেছেন। এ সময় তার কিছু টাকা নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তবে মিল্টনের অভিযোগ অস্বীকার করে মোতালেব মোল্লা, তার স্ত্রী এবং ছেলে ফুয়াদ ও মুরাদ ভিন্ন বক্তব্য দিয়েছেন। তাদের দাবি, শিমুল গাছটি তারাই লাগিয়েছিলেন এবং পরে গাছটি আরেক ভাই আব্দুল করিমকে দিয়ে দেন। তাদের অভিযোগ, মিল্টন গাছটি কেটে ফেলেন। এতে বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে।
মোতালেব মোল্লার অভিযোগ, পরবর্তীতে তাদের বাড়িতেও হামলা করা হয়েছে এবং তিনিও মারধরের শিকার হয়েছেন। তিনি বলেন, মিল্টনের কাছ থেকে কোনো টাকা-পয়সা নেওয়া হয়নি। টাকা নেওয়ার অভিযোগকে তিনি সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করে বলেন, এ বিষয়ে তারাও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
অন্যদিকে, মোহন মোল্লা নামের আরেক ব্যক্তি অভিযোগ করে বলেন, তাকে প্রথমে ফুয়াদ ও মুরাদ মারধর করেছেন।
ঘটনাটি নিয়ে দুই পক্ষের বক্তব্যে স্পষ্ট ভিন্নতা দেখা দিয়েছে। গাছটির মালিকানা, গাছ কাটার বৈধতা, হামলার সূত্রপাত এবং টাকা খোয়া যাওয়ার অভিযোগ—প্রতিটি বিষয়েই রয়েছে পাল্টাপাল্টি দাবি। ফলে প্রকৃত ঘটনা কী, তা তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়া জরুরি।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তদন্তের পর অভিযোগগুলোর সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।





















