শার্শায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট: ১১:৩২:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / ১

নিজস্ব প্রতিবেদক: ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে যশোরের শার্শায় তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট-২০২৬) সকাল ১০টায় শার্শা উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়ে শার্শা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
এরপর উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মৎস্য চাষে সফলতার জন্য দুইজন মৎস্যচাষীকে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন—নাভারণের আশরাফুল আলম বাবু ও বাগআঁচড়ার শহিদুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা মুহাম্মাদ আজীজুর রহমান। সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নিয়াজ মাখদুম।
অনুষ্ঠানে শার্শা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তপু কুমার সাহা, শার্শা থানার তদন্ত পরিদর্শক খোন্দকার শাহ আলম, মৎস্যচাষী শহিদ আলী, শার্শা উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ ফারুক হোসেন, সেক্রেটারী জাহাঙ্গীর আলমসহ উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, (১৬ থেকে ১৮ আগস্ট) পর্যন্ত তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে মৎস্য খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদের যথাযথ সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
শার্শা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা বলেন, জাতীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলায় মৎস্য পক্ষের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। মৎস্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় এ খাতের অবদান আরও বাড়ানোর লক্ষ্য রয়েছে।
তিনি বলেন, বেকার যুবকদের শুধু চাকরির পেছনে না ছুটে মৎস্য চাষে সম্পৃক্ত হওয়ার সুযোগ রয়েছে। এ খাতে ব্যাংকগুলো ঋণ দিচ্ছে। একই সঙ্গে কারেন্ট জাল ও চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধ করতে হবে। মৎস্য উৎপাদনে আরও ভালো করার জন্য চাষিদের আধুনিক ও টেকসই পদ্ধতি অনুসরণের আহ্বান জানান তিনি। এর মাধ্যমে জাতীয় পর্যায়ে শার্শার মৎস্যচাষীদের আরও বেশি পুরস্কার অর্জনের সুযোগ তৈরি হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।





















