মোড়েলগঞ্জে ৯ হাজার ৭৩০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট: ০৩:৪৩:০২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / ৪

নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটের মোড়েলগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ মো. জাহিদুল ইসলাম ওরফে কালাম (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
রোববার (৯ আগস্ট-২০২৬) ভোর ৪টা ২০ মিনিটে মোড়েলগঞ্জ থানার বারইখালী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৬-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। গ্রেফতার জাহিদুল ইসলাম পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর (রাজপাড়া) গ্রামের রতন হাওলাদারের ছেলে।
র্যাব জানায়, অভিযানের সময় জাহিদুল ইসলামের হেফাজত থেকে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী এসব ইয়াবা জব্দ করা হয়।
র্যাবের তথ্য অনুযায়ী, গ্রেফতার জাহিদুল ইসলামের বিরুদ্ধে মাদকসংক্রান্ত তিনটি মামলার তথ্য পাওয়া গেছে। তার পিসি-পিআর পর্যালোচনা করে কক্সবাজারের টেকনাফ থানা এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানায় এসব মামলার তথ্য পাওয়া যায়।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মোড়েলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হচ্ছে। উদ্ধার করা ইয়াবাসহ তাকে মোড়েলগঞ্জ থানায় হস্তান্তর করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে র্যাব।





















