বেনাপোলে বিজিবির অভিযানে সাড়ে ৪ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ
- আপডেট: ১০:৪০:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / ৭

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৪ লাখ ৬২ হাজার ২০০ টাকা মূল্যের বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৪ অক্টোবর-২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীন বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ৪৯টি শাড়ি, একটি থ্রি-পিস, একটি টু-পিস, তিনটি কম্বল, দুই প্যাকেট ফুচকা, এক কেজি কিশমিশ, ৩৬০টি চকলেট, এক প্যাকেট সোনপাপড়ি এবং ১৪১টি প্রসাধনসামগ্রী। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৬২ হাজার ২০০ টাকা।
জব্দ করা চোরাচালান পণ্য আইনগত প্রক্রিয়া অনুসরণ করে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ পাচার চক্রের সদস্যদের আটক করতে বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করে আসছে।
তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





















