সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবিরা সুলতানা মুন্নী
- আপডেট: ১১:৩১:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / ১৮

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা মুন্নী। সোমবার (২০ এপ্রিল ২০২৬) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মনোনীতদের তালিকা ঘোষণা করেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন মুন্নী। ওই নির্বাচনে জামায়াতের প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদের কাছে ২৭ হাজার ৬০ ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। তবে সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন পাওয়ায় তার অনুসারীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।
চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় সাবিরা সুলতানা মুন্নী মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দল তাকে সবসময় মূল্যায়ন করেছে। পাশাপাশি এলাকার মানুষের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
মুন্নী বলেন, দলের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করছেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, যশোর জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ব্যবসায়ী নাজমুল ইসলাম ২০১১ সালে ঢাকা থেকে অপহরণের পর নিহত হন। স্বামীর মৃত্যুর পর গৃহিণী থেকে রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন মুন্নী।
২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে অংশ নিয়ে প্রায় ৩০ হাজার ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। দলীয় সংকটকালে রাজপথে সক্রিয় ভূমিকা রাখার কারণেও তৃণমূলে তার গ্রহণযোগ্যতা রয়েছে।
দলীয় নেতাকর্মীরা বলছেন, জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের পরও সংরক্ষিত নারী আসনে মুন্নীকে মনোনয়ন দেওয়ায় ত্যাগী নেতাদের প্রতি দলের মূল্যায়নের প্রতিফলন ঘটেছে।





















