কৈখালীতে চোরাচালান বিরোধী অভিযানে ১২টি ভারতীয় এয়ারগান উদ্ধার
- আপডেট: ০৪:২৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ৮

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরার শ্যামনগরে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে অবৈধ ভারতীয় এয়ারগান ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) আনুমানিক রাত ২টার দিকে শ্যামনগর থানার আরবিজি কোম্পানির অধীনস্থ কৈখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে টহল কমান্ডার জেসিও- নায়েব সুবেদার মো. রেজাউল করিমের নেতৃত্বে একটি বিশেষ টহল দল কৈখালী বিওপি থেকে প্রায় ২ কিলোমিটার দক্ষিণে এবং শূন্যরেখা থেকে প্রায় ২ কিলোমিটার পূর্বে গোলাখালী নদীর তীরবর্তী একটি চিংড়ি ঘেরে অভিযান চালায়।
অভিযানকালে চিংড়ি ঘেরের এক কোণে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় অবৈধভাবে ভারত থেকে আনা ১২টি এয়ারগান, এয়ারগানের গুলির ১৫ বক্স, ৭টি স্ট্রিং, ৪০টি পিস্টন হোল্ডার এবং ১৬টি এলকে রেঞ্জ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ১৪ হাজার ৬০০ টাকা।
রিভারাইন বর্ডার গার্ড কোম্পানি নীলডুমুরের অতিরিক্ত পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. আব্দুর রউফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এসব অস্ত্র দেশে পাচারের পরিকল্পনা ছিল। উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি বর্তমানে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব না হলেও জড়িত চোরাচালান চক্রকে শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের অবৈধ অস্ত্র প্রবেশ, সহিংসতা বা নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত না হয়, সে লক্ষ্যে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।




















