নির্বাচন ও গণভোট উপলক্ষে যশোরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ
- আপডেট: ১২:৩৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে যশোর সদর উপজেলার ভোটগ্রহণকারী কর্মকর্তাদের অংশগ্রহণে এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) যশোর শহরের আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ আশেক হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (সেবা)।
প্রশিক্ষণে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ আশেক হাসান নির্বাচনকালীন আচরণবিধি প্রতিপালন, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি ভোটগ্রহণের আগের দিনের প্রস্তুতি, ভোটগ্রহণ পদ্ধতি, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ব্যবস্থাপনা, ভোটার শনাক্তকরণ, ভোট গণনা ও ফলাফল প্রেরণ প্রক্রিয়া সম্পর্কে প্রিজাইডিং অফিসারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (সেবা) নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয়, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সমন্বিত ভূমিকা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার, কোতোয়ালী থানার অফিসার ইনচার্জসহ প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারবৃন্দ এবং জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।




















