বেনাপোলে বিজিবির অভিযানে বস্ত্র ও কসমেটিকস সামগ্রী জব্দ
- আপডেট: ১২:৩০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ১১

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালান মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল বেনাপোল আইসিপি ও আমড়াখালী সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে শাড়ি, থ্রি-পিস, শাল-চাদর, বিভিন্ন ধরনের পোশাক সামগ্রী ও কসমেটিকস জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল পাচার রোধে বিজিবির বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।
বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















