ঝিকরগাছায় প্রতিবন্ধী যুবককে হত্যা করে মোটরভ্যান ছিনতাই
- আপডেট: ০৭:৫৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
- / ২৬

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছায় শামীম পারভেজ (২১) নামের এক প্রতিবন্ধী ভ্যানচালকের লাশ উদ্ধার হয়েছে।
তিনি ঝিকরগাছা পৌর সদরের কীর্তিপুর হাওয়ার মোড় এলাকার হায়াতুল ইসলাম ওরফে হায়ার ছেলে। পুলিশ ধারণা করছে ভ্যান ছিনতাই এর উদ্দেশ্যে তাকে হত্যা করে ভ্যান নিয়ে ছিনতাকারীরা পালিয়েছে।
ঝিকরগাছা থানার পুলিশ জানান, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে প্রতিবন্ধী শামীম পারভেজ (২১) ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। পরদিন শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১ টার সময় ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামের তৌহিদুল ইসলামের কলাবাগানে অপরিচিত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী ঝিকরগাছা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। সেখানে শামীম পারভেজের (২১) মরদেহটি গলায় ফাঁস লাগানো এবং মুখ লুঙ্গি দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায়। মরদেহটি নিয়ে থানায় নিয়ে আসা হয়েছে।
বিকাল (৪ টায়) ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ জামাল আলম জানান, প্রতিবন্ধী শামীম পারভেজ ভ্যান চালিয়ে দিন যাপন করতেন। ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা তাকে হত্যা করে ভ্যান নিয়ে পালিয়ে গেছে। মরদেহটি মর্গে পাঠানোর জন্য থানায় রয়েছে। কোন মামলা হয়নি।
খোঁজ নিয়ে জানা যায়, প্রতিবন্ধী পারভেজ এর পিতাও একজন প্রতিবন্ধী (অন্ধ)। তিনি ঝিকরগাছা বাসস্ট্যান্ডে ভিক্ষা করেন। ইতোপূর্বে ৩মাস পূর্বেও একবার পারভেজকে মেরে দিনের বেলাতে পানিসারা মাঠের মধ্যে থেকে তার মোটরচালিত ভ্যান ছিনতাইকারীরা নিয়ে যায়। সেটা নিয়ে সেসময় থানায় একটি অভিযোগও দায়ের হয়েছিল। আজও পুলিশ সেই ভ্যান উদ্ধার বা ছিনতাইয়ের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি।
















