যশোরে ১০.৫ কেজি রুপা ও বিদেশি মদসহ চার পাচারকারী আটক
- আপডেট: ০২:৪২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- / ৩৬

নিজস্ব প্রতিবেদক: যশোরে প্রায় ৬৬ লাখ টাকা মূল্যের রুপা ও বিদেশি মদসহ চারজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) ভোরে যশোর কোতোয়ালি থানার দাইতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি টহল দল ভোর আনুমানিক ৫টার দিকে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন চারজনকে আটক করে তাদের বহন করা ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশিতে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১০ দশমিক ৫ কেজি রুপা, একটি বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাংক, একটি এয়ারবাড, একটি হাতঘড়ি এবং নগদ ৬ হাজার ২০৫ টাকা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন সাতক্ষীরা জেলার কলারোয়া থানার ঝিকরা দক্ষিণ গ্রামের তরুণ কুমার রায়, আলাইপুর উত্তর গ্রামের মো. শিমুল মোড়ল, উত্তর ভাদিয়ায়ালী গ্রামের শামীম হোসেন এবং যশোর সদর থানার সাতবাড়িয়া গ্রামের মো. আওয়াল হোসেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে, উদ্ধারকৃত রুপা ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। অন্যদিকে বিদেশি মদ যশোর থেকে ঢাকায় পরিবহনের পরিকল্পনা ছিল।
বিজিবি জানায়, উদ্ধারকৃত রুপার বাজারমূল্য ৬৫ লাখ ১০ হাজার টাকা। এছাড়া দুইটি রুপার আংটি, বিদেশি মদ, মোবাইল ফোনসহ অন্যান্য সামগ্রী মিলিয়ে সর্বমোট জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৬৫ লাখ ৮৯ হাজার ৭০৫ টাকা।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত রুপা যশোর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, “সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ ও রুপা পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এ ধরনের অপরাধ দমনে বিজিবির আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
















