ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে অগ্নিসংযোগ ও হামলার অভিযোগ
- আপডেট: ০৮:১২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- / ৫০

ভালুকা (ময়মনসিংহ) বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের নির্বাচনী প্রচারণায় ধারাবাহিক হামলা, নির্বাচনী অফিস ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রেক্ষিতে মুহাম্মদ মোর্শেদ আলম নিজ বিএনপির মনোনীত প্রার্থীর কর্মী-সমর্থকদের দায়ী করে সম্মেলন করেছেন।
সোমবার (২৬ জানুয়ারি) বিকাল ৪টায় হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এলাকায় নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে মুহাম্মদ মোর্শেদ আলম বলেন, গত ২৫ জানুয়ারি (রোববার) বাটজোর বাজারে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গণসংযোগ শুরু করলে ধানের শীষ প্রতীকের কর্মী-সমর্থকরা তার ওপর এবং হরিণ প্রতীকের সমর্থকদের ওপর হামলা চালায়। এরপর পৌরসভার ৮নং ওয়ার্ডে হরিণ প্রতীকের সমর্থক আদি খান শাকিল ও রাফি উল্ল্যাহ চৌধুরীসহ একাধিক কর্মীর ওপর হামলা চালানো হয়।
এ সময় বিভিন্ন যানবাহন ভাঙচুর করা হয় এবং একটি নোয়া গাড়ি আটকে রেখে মোবাইল ফোন ও নগদ টাকা লুট করা হয়। ভালুকা বাসস্ট্যান্ডে অবস্থিত আদি খান শাকিলের কার্যালয়ে হামলা চালিয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এতে দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। একইভাবে হরিণ প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়েও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে একাধিক যানবাহন ও মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া সিডস্টোর বাজারে যুবদল নেতা শামীমের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শামীম ও খসরুসহ কয়েকজন আহত হন এবং ৭ থেকে ৮টি মোটরসাইকেল পুড়ে যায় বলে দাবি করেন তিনি।





















