রাজনীতিতে নতুন অধ্যায়: ভোটার হতে আজ নির্বাচন কমিশনে যাচ্ছেন তারেক রহমান
- আপডেট: ১০:৩১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- / ৫৪

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার পর এবার ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছেন । আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরের দিকে তিনি রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে উপস্থিত হবেন বলে জানা গেছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তারেক রহমান ভোটার হিসেবে নিবন্ধিত হতে প্রয়োজনীয় আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করবেন এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) গ্রহণের প্রক্রিয়ায় অংশ নেবেন। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ভোটার তালিকা আইন অনুযায়ী তারেক রহমানের ভোটার হতে কোনো আইনগত বাধা নেই। আইনটির ১৫ ধারায় বলা হয়েছে, যোগ্য যেকোনো ব্যক্তিকে যেকোনো সময় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার ক্ষমতা কমিশনের রয়েছে।
নির্বাচন কমিশনে যাওয়ার আগে দিনের শুরুতে বেশ কিছু কর্মসূচিতে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দলীয় সূত্র জানায়, শনিবার বেলা ১১টার দিকে তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ যোদ্ধা ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এরপর তিনি রাজধানীর পঙ্গু হাসপাতালে গিয়ে জুলাই আন্দোলনে আহতদের খোঁজখবর নেবেন এবং তাদের সঙ্গে সময় কাটাবেন।
এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরেন তারেক রহমান। দুপুর পৌনে ১২টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পরে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত এক বিশাল সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন তিনি। একই দিন তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।
বর্তমানে তিনি গুলশানের বাসভবনে অবস্থান করছেন। সেখানে দলের শীর্ষ নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের পর বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তার আজকের নির্বাচন কমিশন সফর ঘিরে আগারগাঁও এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের একজন নাগরিক হিসেবে আইন মেনেই তিনি ভোটাধিকার নিশ্চিত করতে যাচ্ছেন। নির্বাচন কমিশনও জানিয়েছে, সাধারণ নাগরিকদের ক্ষেত্রে যে প্রক্রিয়া অনুসরণ করা হয়, তারেক রহমানের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে।























