লটারির মাধ্যমে সিদ্ধান্ত: যশোরের ৯ থানায় নতুন ওসি নিয়োগ
- আপডেট: ০৭:৫১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- / ৭০

নিজস্ব প্রতিবেদক: দেশের ৫২৭টি থানায় লটারির মাধ্যমে ওসি পদায়নের অংশ হিসেবে যশোর জেলার নয়টি থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসেন মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এআইজি শাহাদাত হোসেন জানান, সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার উপস্থিতিতে ওসি নিয়োগের লটারির আয়োজন করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নির্বাচনি দায়িত্বের স্বচ্ছতা নিশ্চিত করতে পুলিশ সদর দপ্তর এই লটারি আয়োজন করেছে। সৎ ও নিরপেক্ষ কর্মকর্তার তালিকা ইউনিট প্রধানদের কাছ থেকে সংগ্রহের পর লটারির মাধ্যমে নতুন ওসি নির্ধারণ করা হয়েছে।
খুলনা রেঞ্জভুক্ত যশোর জেলার যে নয়টি থানায় ওসি পদায়ন করা হয়েছে, সেগুলো হলো, যশোর কোতয়ালী থানায় মো. ফারুক আহম্মেদ, অভয়নগর থানায় এস. এম. নূরুজ্জামান, শার্শা থানায় মো. মারুফ হোসেন, বাঘারপাড়া থানায় মাহমুদুল হাসান, বেনাপোল পোর্ট থানায় মোহাম্মদ আশরাফ হোসেন, কেশবপুর থানায় সুকদেব রায়, মনিরামপুর থানায় মো. রজিউল্লাহ খান, চৌগাছা থানায় রেজাউল করিম ও ঝিকরগাছা থানায় মোঃ শাহ জালাল আলম।




















