বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় যশোরে এতিমখানায় বিএনপির ছাগল দান
- আপডেট: ১২:৩৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- / ৬৪

নিজস্ব প্রতিবেদক: গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনায় তাঁর জানের সাদকা হিসেবে যশোরে বিভিন্ন এতিমখানা ও কুরআন শিক্ষার প্রতিষ্ঠানগুলোতে ছাগল দান করেছে বিএনপি ও অঙ্গ-সংগঠন।
সোমবার (১ ডিসেম্বর ২০২৫) দিনব্যাপী সদর উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় এসব সাদকা কার্যক্রম পরিচালনা করা হয়।
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এবং দলের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও যশোর-৩ (সদর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত নিজে উপস্থিত থেকে এসব প্রতিষ্ঠানে ছাগল দান করেন।
সদর উপজেলা বিএনপির উদ্যোগে নওয়াপাড়া ইউনিয়নের দারুল উলুম মহিউস সুন্নাহ মাদ্রাসা, ফতেপুর ইউনিয়নের ফজলুল উলুম বহুমুখী কওমি মাদ্রাসা ও এতিমখানা—এ তিন প্রতিষ্ঠানে ছাগল প্রদান করা হয়।
এ ছাড়া নগর বিএনপির উদ্যোগে বকচর জামিয়া কুরআনিয়া মাদ্রাসা, রেলস্টেশন মাদ্রাসা ও দড়াটানা মাদ্রাসায় সাদকা হিসেবে ছাগল দেওয়া হয়।
জেলা যুবদলের পক্ষ থেকে হুশতলা মাঠপাড়া ফজলুল উলুম বাগে জান্নাত কওমী মাদ্রাসা এবং শংকরপুর ছোটনের মোড় মোহাম্মাদীয়া আজিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ছাগল দান করা হয়। জেলা মহিলা দলের উদ্যোগে ঢাকা রোডের নিয়ামতিয়া জামিয়া কওমি মহিলা মাদ্রাসায় ছাগল প্রদান করা হয়।
এ সময় জেলা বিএনপির সাবেক সম্পাদক মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল, যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব আনছারুল হক রানা, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সালসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতারা বলেন, গণতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দেশজুড়ে বিএনপি ও অঙ্গ-সংগঠন দোয়া ও বিভিন্ন মানবিক কর্মসূচি পালন করছে।




















