সীমান্তে বিজিবি’র অভিযান: গাঁজা, শাড়ি ও জিরা আটক
- আপডেট: ০৮:৫২:২৬ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / ৭৯

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (০৯ নভেম্বর ২০২৫) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল হিজলী বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানে ভারতীয় গাঁজা, শাড়ি ও জিরা জব্দ করা হয়। আটককৃত মাদকদ্রব্য ও মালামালের আনুমানিক মূল্য ২৬ হাজার ৫০০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি বিশেষ গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত অঞ্চলে নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করা হচ্ছে।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়নের সদর দপ্তরে প্রেরণ করা হয়েছে এবং আইন অনুযায়ী তা ধ্বংস করা হবে। অন্যদিকে, অন্যান্য চোরাচালানী মালামাল যথাযথ প্রক্রিয়ায় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, “সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।”




















