বেনাপোলে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
- আপডেট: ১০:৫১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- / ৯

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার বেনাপোলে নারীর ক্ষমতায়ন, কর্মদক্ষতা বৃদ্ধি এবং সামাজিক কল্যাণ প্রকল্পের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন,২০২৬) বিকেল সাড়ে ৩টায় বেনাপোল পৌর বিয়ে বাড়ি মিলনায়তনে ‘আলোকিত নারী উন্নয়ন সংস্থা’র উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোকিত নারী উন্নয়ন সংস্থার সভাপতি মোস্তাফিজ্জাহা সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান এবং বেনাপোল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলমগীর সিদ্দিকী।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সময় টেলিভিশনের বেনাপোল প্রতিনিধি আজিজুল হক, দৈনিক দিনকালের বেনাপোল প্রতিনিধি মিলন হোসেন এবং কালবেলার বেনাপোল প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা এবং সমাজে তাদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। সেলাই প্রশিক্ষণ ও বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ প্রকল্প স্থানীয় নারীদের আত্মনির্ভরশীল হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা আরও বলেন, দক্ষতা অর্জনের মাধ্যমে নারীরা ঘরে বসেই আয়মুখী কর্মকাণ্ডে যুক্ত হতে পারবেন, যা তাদের পারিবারিক ও সামাজিক অবস্থানের উন্নয়নে সহায়ক হবে।
অনুষ্ঠান শেষে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। একই সঙ্গে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এ সময় বিপুল সংখ্যক নারী প্রশিক্ষণার্থী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।





















