যশোর সীমান্তে বিজিবি’র অভিযানে গরুর লিভার টনিকসহ বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ
- আপডেট: ০৯:৩৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
- / ১১৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, থ্রী-পিস, গরুর লিভার টনিক ও কসমেটিক্স সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব মালামালের বাজারমূল্য প্রায় ৩ লাখ ৪৬ হাজার ৯০০ টাকা।
শুক্রবার (১০ অক্টোবর-২০২৫) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি টহল দল বেনাপোল আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, “সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।”
তিনি আরও জানান, আটককৃত মালামালগুলো প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।





















