বেনাপোলে গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
- আপডেট: ০৮:৫৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / ২২৯

নিজস্ব প্রতিবেদক: ক্রীড়া উত্তেজনায় মুখর এক আনন্দঘন পরিবেশে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে সম্পন্ন হলো জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫।
রোববার (২১ সেপ্টেম্বর ২০২৫) সকালে বিদ্যালয়ের বলফিল্ড মাঠে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ানুরাগী শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে সম্পন্ন হয়।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় আয়োজক বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় ও বারোপোতা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২-১ গোল ব্যবধানে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হয় বারোপোতা বিদ্যালয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা শিক্ষা কর্মকর্তা জিল্লুর রশীদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আক্তারুজ্জামান, পুটখালী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. সোলেমান, পৌর যুবদলের আহ্বায়ক মো. মফিজুর রহমান বাবু, যুগ্ম আহ্বায়ক মো. রিপন হোসেন, মো. আতাউর রহমান, মীর আলম, পৌর কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হাসান ইমাম, সিনিয়র যুগ্ম সম্পাদক মো: সাহেদ আলী সবুজ, শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ শরীফুল ইসলাম চয়ন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাইমিনুল সাগর, পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ আরিফুল ইসলাম আরিফ, বেনাপোল চেকপোস্ট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ জসীম উদ্দীন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান লিটন বলেন, “খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে বলবো— মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াও, মাঠে ফিরো, খেলাধুলায় মনোযোগী হও। সুস্থ ও শক্তিশালী জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই।”
আয়োজন শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি এবং মেডেল প্রদান করা হয়। এছাড়াও অন্যান্য ইভেন্টে অংশ নেওয়া শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।





















