পুটখালী সীমান্তে গলায় ফাঁস দেওয়া অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
- আপডেট: ০১:৪৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
- / ১০৪

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল পুটখালী সীমান্তবর্তী এলাকায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) সকাল ৭টার দিকে পুটখালী চরের মাঠে একটি আমবাগানে এই লাশ দেখতে পান স্থানীয়রা ও বিজিবির টহল দল।
বিষয়টি তাৎক্ষণিকভাবে বেনাপোল পোর্ট থানা পুলিশকে জানানো হলে, ঘটনাস্থলে গিয়ে পুলিশ গাছ থেকে ঝুলন্ত অবস্থায় থাকা লাশটি উদ্ধার করে। পরে সেখানেই সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়।
মরদেহের আনুমানিক বয়স ২৫-৩০ বছর বলে ধারণা করা হচ্ছে। তার পরনে ছিল জিন্স প্যান্ট ও একটি টি-শার্ট। তবে এখন পর্যন্ত মৃত ব্যক্তির নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল মিয়া বলেন, “লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আমরা এখনো মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে— এটি আত্মহত্যা, নাকি কোনো হত্যাকাণ্ড।”
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।




















