লোহাগড়ার ভ্যানচালক সুমন হত্যা: রহস্য উদ্ঘাটন করলো যশোর পিবিআই, ঘাতক শাহাদৎ আটক
- আপডেট: ১১:১২:১৮ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
- / ১০৫

নিজস্ব প্রতিবেদক: নড়াইলের লোহাগড়ায় ১৫ বছর বয়সী ভ্যানচালক কিশোর সুমন মোল্লা হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে (পিবিআই), যশোর। এ ঘটনায় জড়িত ঘাতক শাহাদত হোসেনকে গ্রেফতার করেছে।
নিহত সুমন মোল্লা লোহাগড়া থানার ডহরপাড়া গ্রামের সামেলা বেগমের ছোট ছেলে। সে প্রতিদিনের মতো ২১ আগস্ট সকাল ১০টার দিকে ভ্যান চালাতে বের হয়ে আর ফিরে আসেনি। দুপুরে বাড়িতে ফোন করে খাওয়ার কথা বললেও, রাত পেরিয়ে গেলেও তার খোঁজ মেলেনি। পরিবার সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়।
পরদিন ২২ আগস্ট গোপালগঞ্জের কাশিয়ানী থানাধীন গোপালপুর বাজারে তার ভ্যান পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা। ভ্যানটি শনাক্ত করা গেলেও সুমনের কোনো হদিস মেলেনি।
পরবর্তীতে সুমনের মা সামেলা বেগম লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি (নং-১০৫৮, তারিখ-২২/০৮/২০২৫) করেন।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে (পিবিআই) যশোরের নজরে আসে। পুলিশ সুপারের নির্দেশে এসআই রতন মিয়া ভিকটিমের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ছায়া তদন্ত শুরু করেন।
এরই ধারাবাহিকতায় ২৪ আগস্ট বিকাল ৫টার দিকে কামঠানা এলাকার ওয়াপদা খালের পানিতে সুমনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় নড়াইল সদর হাসপাতালের মর্গে। ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সুমনের মা একটি হত্যা মামলা (নং-১৯, তারিখ-২৬/০৮/২০২৫, ধারা-৩০২/৩৪) দায়ের করেন।
স্ব-উদ্যোগে মামলার তদন্তভার নেয় পিবিআই যশোর। তথ্য প্রযুক্তির সহায়তায় এবং পিবিআই প্রধান মো. মোস্তফা কামালের তত্ত্বাবধানে ও যশোর ইউনিটের পুলিশ সুপার রেশমা শারমিন (পিপিএম-সেবা) এর নেতৃত্বে তদন্ত এগিয়ে নিতে থাকে।
অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে যশোর পিবিআই এর পরিদর্শক রিপন কুমার সরকার, এসআই রতন মিয়া ও এসআই মাসুদ হোসেনর সমন্বয়ে গঠিত আভিযানিক দল অভিযুক্ত শাহাদৎ হোসেন (১৯), পিতা রমজান শেখ, গ্রাম-লাহুড়িয়া তালুকপাড়া, থানা লোহাগড়া, জেলা নড়াইল—কে গ্রেফতার করে। (২৭ আগস্ট) রাত ১টা ৩৫ মিনিটে তাকে লোহাগড়া’র রঘুনাথপুর এলাকার শ্বশুরবাড়ি থেকে আটক করা হয়।
পিবিআই জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহাদৎ স্বীকার করে, অর্থ সংকটে পড়ে সে ভ্যান চুরির পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী সুমনকে হত্যা করে তার ভ্যান ছিনিয়ে নেয়। কিন্তু ভ্যানের ব্যাটারি চার্জ শেষ হয়ে যাওয়ায় সেটি ফেলে পালিয়ে যায় সে।
আটক আসামিকে বুধবার (২৭ আগস্ট ২০২৫) আদালতে সোপর্দ করেছে পিবিআই।











