বেনাপোল কাস্টমসে শৃঙ্খলাভঙ্গ: সিপাহি বরখাস্ত, দুই কর্মকর্তা শোকজ
- আপডেট: ০৭:১৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
- / ২১৮

নিজস্ব প্রতিবেদক: বেনাপোল কাস্টমস হাউজে দায়িত্বে অবহেলা ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এক সিপাহিকে সাময়িক বরখাস্ত এবং দুইজন সহকারী রাজস্ব কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। ঘটনাটি কাস্টমস প্রশাসনে তোলপাড় সৃষ্টি করেছে।
জানা গেছে, বরখাস্তকৃত সিপাহির নাম রায়হান আহমেদ। শোকজপ্রাপ্ত দুই সহকারী রাজস্ব কর্মকর্তা হলেন—এফএম ফয়সাল ও খায়রুজ্জামান। বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস হাউজের কমিশনার খালিদ মোহাম্মদ আবু হোসেন। তিনি গত ২৪ আগস্ট (রোববার) এ বিষয়ে স্বাক্ষরিত এক অফিস আদেশে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেন।
সূত্র জানায়, গত ২১ আগস্ট বেনাপোল কাস্টমস-বিজিবি যৌথ এক্সিট পোস্টে দায়িত্ব পালনকালে সিপাহি রায়হান ইচ্ছাকৃতভাবে একটি গাড়ির নম্বর ভুলভাবে লিপিবদ্ধ করেন। প্রকৃত নম্বর ছিল খুলনা মেট্রো-১১-১২৪৪, কিন্তু তিনি সেটিকে খুলনা মেট্রো-১১-১২৪২ হিসেবে এন্ট্রি দেন। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসলে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর রায়হান আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয় এবং দায়িত্বে গাফিলতির কারণে দুই সহকারী রাজস্ব কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়।
কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, শৃঙ্খলা রক্ষার স্বার্থে কোনো ধরনের গাফিলতি বা অনিয়ম বরদাশত করা হবে না। তদন্ত প্রক্রিয়া এখনও চলমান রয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে কাস্টমস সূত্র জানিয়েছে।




















