যশোরে ডিবি পুলিশের হাতে বিদেশি পিস্তলসহ বেনাপোলের ২ অস্ত্র চোরাকারবারি আটক
- আপডেট: ০৭:৩২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
- / ৮১

নিজস্ব প্রতিবেদক: গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও দুটি তাজা গুলিসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট ২০২৫) রাত ৯টা ৪০ মিনিটে কোতোয়ালি থানার চাঁচড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন, যশোর জেলার বেনাপোল পোর্ট থানার পৌর এলাকার ভবের বেড় গ্রামের আব্দুল আওয়ালের ছেলে ফরহাদ হোসেন (৩২), একই গ্রামের আফজাল হোসেন বিশ্বাসের ছেলে সাকিব হোসেন (১৯)।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক মোঃ মঞ্জুরুল হক ভূঞার নেতৃত্বে এসআই শেখ আবু হাসান, এএসআই মোঃ নাজমুল হোসেন এবং সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে চৌকস টিম গঠন করে অভিযানটি পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, চাঁচড়া বিএডিসি ভবনের পূর্ব পাশে চাঁচড়া টু পালবাড়ি গামী হাইওয়ে রোডে বেনাপোল থেকে আসা একটি কাভার্ডভ্যান (রেজিঃ নং- ট-১১-২১৭৭) চেকপোস্টে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় কাভার্ডভ্যানের চালক ফরহাদ হোসেন (৩২) ও তার সহযোগী সাকিব হোসেন (১৯)–কে আটক করা হয়।
তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালকের আসনের নিচ থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় একটি ৭.৬৫ ক্যালিবারের বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও দুটি তাজা গুলি উদ্ধার করা হয়। পিস্তলের স্লাইডে লেখা রয়েছে “MADE IN USA, N03” এবং অপর পাশে “7.65 TROUND” খোদাই করা আছে।
❝সন্ত্রাসীদের কাছে অস্ত্র পৌঁছে দিত❞
আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন ধরে বেনাপোল সীমান্ত এলাকা থেকে অবৈধ অস্ত্র এনে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে সরবরাহ করে আসছে।
এ ঘটনায় ডিবি পুলিশের এসআই শেখ আবু হাসান বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের মঙ্গলবার (২৬ আগস্ট) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।




















