যশোর সীমান্তে বিজিবি’র অভিযানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য আটক
- আপডেট: ১০:৫২:১২ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
- / ১২৮

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৫ আগস্ট ২০২৫) অভিযানে বেনাপোল ও আশপাশের সীমান্ত অঞ্চল থেকে বিদেশী মদ, গাঁজা, ফেন্সিডিল, ভারতীয় শাড়ি, থ্রী-পিস এবং কসমেটিকস সামগ্রীসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, মাসিলা, আন্দুলিয়া বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় একযোগে চালানো অভিযানে এসব পণ্য আটক করা হয়। জব্দকৃত মালামালের বাজারমূল্য ২,২৫,৮০০ (দুই লাখ পঁচিশ হাজার আটশত) টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, “মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে আমরা নিয়মিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছি। সীমান্ত নিরাপত্তায় কোন ধরনের ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “বিজিবির বিশেষ পরিকল্পনার আওতায় সীমান্ত এলাকায় তৎপরতা বাড়ানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
বিজিবি জানায়, জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তা ধ্বংস করা হবে। এছাড়া অন্যান্য চোরাচালানি পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।






















