বাঘারপাড়া বাজার বণিক সমিতির এক বছর ফূর্তি উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত
- আপডেট: ১১:২৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
- / ১৬৫

সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া (যশোর) ঃ যশোরের বাঘারপাড়া চৌরাস্তা বাজার বণিক সমিতির নির্বাচিত কমিটির এক বছর ফূর্তি উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার বাঘারপাড়া চৌরাস্তামোড়ে এক বর্ণাঢ্য আয়োজন করা হয়। এতে ব্যবসায়ী সমাজের শতাধিক সদস্য উপস্থিত থেকে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন, বাজার বণিক সমিতির প্রধান উপদেষ্টা ইমারত হোসেন। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাজার কমিটির সভাপতি মশিউল আজম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাজার কমিটির সাধারন সম্পাদক সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক তারেক হোসেন, সাবেক সভাপতি আঃ রাজ্জাক, জয়নাল আবেদিন, উপদেষ্টা ইলিয়াজ আর্মি, বাজার কমিটির সদস্য সৌখিন হোসেন, লিটন হোসেনসহ সাংবাদিক প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় সভাপতি মশিউল আজম বলেন, “আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে বাজারে চাঁদাবাজি, দখলবাজি কিংবা বিশৃঙ্খল পরিবেশের কোনো সুযোগ দিইনি। ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পেরেছি। আগামী দিনে আমাদের লক্ষ্য হবে বাজারকে আধুনিক ও পরিচ্ছন্নভাবে সাজানো, যাতে ক্রেতা ও বিক্রেতা উভয়েই উপকৃত হন।” তিনি আরও বলেন, “বাজার বণিক সমিতি শুধু ব্যবসায়ীদের অধিকার রক্ষার সংগঠন নয়, এটি একটি সামাজিক শক্তি। মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমরা ইতোমধ্যেই অসুস্থ ব্যবসায়ীদের আর্থিক সহায়তা ও প্রয়াত ব্যবসায়ীদের পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি।”
সভায় সাধারণ সম্পাদক সেলিম রেজা তার কার্যক্রমের প্রতিবেদনে গত এক বছরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। এর মধ্যে বাজার এলাকায় সিসি ক্যামেরা স্থাপন, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, বৈদ্যুতিক লাইন সংস্কার, পার্কিং ব্যবস্থার উন্নয়ন এবং ব্যবসায়ীদের জন্য জরুরি সহায়তা তহবিল গঠন উল্লেখযোগ্য।
বক্তারা বলেন, বাজারকে কেন্দ্র করে শুধু ব্যবসা নয়, এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডও সমৃদ্ধ হচ্ছে। তাই বাজারের স্বার্থে সকল ব্যবসায়ীকে এক ছাতার নিচে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কেউ ব্যক্তিগত স্বার্থে বিভেদ সৃষ্টি করলে তা সমিতির জন্য হুমকি হয়ে দাঁড়াবে।সভায় অতিথিরা বণিক সমিতির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সৎ ও স্বচ্ছ নেতৃত্বের মাধ্যমে বাজারকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। স্থানীয় শিল্পীরা আধুনিক গান, বাউল সংগীত এবং নাটিকা পরিবেশন করে উপস্থিত সবাইকে আনন্দ দেন।#





















