শার্শা ও চৌগাছা সীমান্তে বিজিবি’র অভিযানে গাঁজাসহ সাড়ে পাঁচ লক্ষ টাকার অবৈধ পণ্য জব্দ
- আপডেট: ০৮:২৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
- / ৭৬

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আবারও বড় সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (২৪ আগস্ট ২০২৫) দিনভর পৃথক অভিযানে ভারতীয় গাঁজা, শাড়ি, কম্বল ও বিভিন্ন ধরনের কীটনাশকসহ বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।
বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘিবা, শাহজাদপুর, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে জব্দকৃত মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্যের বাজারমূল্য প্রায় ৫ লাখ ৫৮ হাজার ৬১০ টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বলেন, “সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবি’র বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”
তিনি আরও জানান, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্তের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। চোরাচালান চক্রকে আইনের আওতায় আনতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
বিজিবি সূত্রে আরও জানা যায়, জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়ায় তা ধ্বংস করা হবে। অপরদিকে, অন্যান্য চোরাচালানী পণ্য যথাযথ কাগজপত্রের মাধ্যমে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।





















