বেনাপোলে বিজিবি’র অভিযানে বিদেশী মদসহ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল আটক
- আপডেট: ০৮:১৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
- / ৮৬

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিদেশি মদ, শাড়ি এবং কসমেটিকস সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২২ আগস্ট ২০২৫) ৪৯ বিজিবির আওতাধীন যশোর ব্যাটালিয়নের বিশেষ টহল দল বেনাপোল আইসিপি এবং আমড়াখালী সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।
বিজিবি জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১,২০,২০০ টাকা। আটককৃত পণ্যের মধ্যে রয়েছে বিদেশি ব্র্যান্ডের মদ, ভারতীয় শাড়ি ও বিভিন্ন কসমেটিকস সামগ্রী।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, “দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি বিশেষ গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় এই অভিযানে সাফল্য এসেছে।”
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত তৎপরতা এবং বিশেষ পরিকল্পনার অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় ধ্বংসের জন্য ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়েছে। অন্যদিকে আটক চোরাচালানী মালামাল যথাযথ কাগজপত্রের মাধ্যমে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।




















